ড. শফিকুল ইসলাম মাসুদ
পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বাউফল উপজেলা জামায়াত আয়োজিত হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের একটি অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই এবং এর ফলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো পরিবর্তন ঘটবে না। তিনি আরও বলেন, সব ধর্মের মানুষ দেশে মিলেমিশে বসবাস করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সেখানে নির্বাচনের ফলাফল ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে এর প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।
এ সময় তিনি বাউফলকে একটি আদর্শ ও মানবিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। মাদক ও অপরাধ দমনে চলমান উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, মাদক একটি ভয়াবহ সামাজিক সমস্যা, তবে রাজনৈতিক প্রভাবমুক্ত আইন প্রয়োগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হয়েছে।
চুরি ও অপরাধ দমন প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। এ সংক্রান্ত কিছু আইনগত জটিলতা জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাউফল কালীবাড়ি মন্দিরের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























