সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা, আটক ২
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার (৪ মে) রাতে সুন্দরী ইকো রিসোর্টে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে খুলনার দাকোপ উপজেলার ঢাংমারি খাল সংলগ্ন এলাকা থেকে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, হামলার আগে দুর্বৃত্তরা রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষ কোস্টগার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কোস্টগার্ড বেইস মোংলার সদস্যরা অভিযানে নামে এবং বিকেলে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






















