এনসিপি ছাড়লেন ৩৫ নেতা–কর্মী, যোগ দিলেন গণসংহতিতে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ৩৫ নেতা–কর্মী গণসংহতি আন্দোলন-এ যোগ দিয়েছেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের আশিকা কনভেনশন হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে নতুন দলে যোগ দেন।
এ যোগদান কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির রাঙামাটি জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব উজ্জ্বল চাকমা। তিনি গত ৫ মার্চ এনসিপি থেকে পদত্যাগ করেন। অনুষ্ঠানে তিনি জানান, সাবেক ৩৫ নেতা–কর্মীর পাশাপাশি জেলার ১০ উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার দুই শতাধিক মানুষ গণসংহতি আন্দোলনে যোগ দিয়েছেন।
তিনি বলেন, দলের মূল আদর্শ থেকে বিচ্যুতি ঘটায় তারা এনসিপি ত্যাগ করে গণসংহতির মতাদর্শে অনুপ্রাণিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সব শ্রেণি ও ধর্মের মানুষের সমান অধিকারের যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। এ কারণেই নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন নবাগতদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় বাংলাদেশ যুব ফেডারেশন-এর কেন্দ্রীয় সদস্য শুভাশীষ ভট্টাচার্যসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।






















