রায়পুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা হারুনুর রশিদ নয়ন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে।
মঙ্গলবার দুপুরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নয়নের স্বজনদের দাবি, সোমবার বিকেলে উপজেলার চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ নয়নকে আটক করে।
মামলা করতে গিয়ে গ্রেপ্তার হওয়ার দাবিটি অস্বীকার করেছেন রায়পুর থানার ওসি শাহীন মিয়া। তিনি বলেন, নয়ন থানায় কোনো মামলা করতে আসেননি। তাকে থানা এলাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।






















