পাঁচ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আগামী পাঁচ দিন দেশের আট বিভাগেই দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে সাগরে একটি লঘুচাপ বিরাজ করছে এবং এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তন দেখা দিতে পারে।
আজ দেশের রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুই–এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জনসাধারণ ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।






















