চার বিভাগে টানা ভারি বৃষ্টির আভাস, বাড়ছে বন্যার শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
দেশের ভেতরে সৃষ্ট মেঘমালার প্রভাবে রোববার চার বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এই বৃষ্টি টানা আরও চার দিন অব্যাহত থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সর্বশেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশেই বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সোম, মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিরাজমান লঘুচাপের কারণে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু স্থানে দমকা ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল-এ ১৬২ মিলিমিটার। এছাড়া সিলেট-এ ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ড-এর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারি বৃষ্টি এবং হাওর অববাহিকায় অতিভারি বর্ষণের কারণে কয়েকটি নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৪৬টি বন্যা পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ১৯টিতে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বিশেষ করে সুনামগঞ্জের নালজুর নদী, নেত্রকোনার মগরা নদী, ভুগাই-কংস ও সোমেশ্বরী নদী এবং হবিগঞ্জের সুতাল নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, প্রাক-মৌসুমি বন্যার কারণে নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নদীর পানি আরও বাড়তে পারে। এছাড়া মৌলভীবাজার জেলার হাওর অঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





















