আদমদীঘিতে দোকানের জায়গা নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে ছুরিকাঘাত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেইট এলাকায় দোকানের জায়গা সম্প্রসারণকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন আহত হয়েছেন।
শনিবার (২ মে) দুপুরে রেলগেইট চত্বরে প্রকাশ্য দিবালোকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রেলগেইট এলাকার সুইচ কবিনের পাশে বসে ছিলেন ইকবাল হোসেন। এ সময় একটি অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি নিয়ে দুই পক্ষের যুবকদের মধ্যে উত্তেজনা ও কথা কাটাকাটি শুরু হয়। বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে সেখানে গেলে ইকবাল হোসেনও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাতে বিএনপি নেতা গুড্ডু এহসান জানান, ইকবাল হোসেন বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানার ওসি জানান, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















