সয়াবিন তেলের দাম বাড়ল, লিটার ১৯৯ টাকা নির্ধারণ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দামও লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। বাংলাদেশে সয়াবিন তেল সম্পূর্ণ আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারমূল্য বাড়লে আমদানি ব্যয়ও বেড়ে যায়, যার প্রভাব সরাসরি স্থানীয় বাজারে পড়ে।
তিনি আরও জানান, রমজান মাস থেকেই আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে। এরপর থেকে আমদানিকারক ও রিফাইনাররা দাম সমন্বয়ের জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। তাদের দাবি ছিল, মূল্য সমন্বয় না হলে লোকসান ও পুঁজি সংকট তৈরি হবে।
সরকার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয় ও সংশ্লিষ্ট খরচ বিবেচনায় মূল্য সমন্বয়ের যৌক্তিকতা পাওয়া গেছে। তবে ব্যবসায়ীদের প্রস্তাবিত পুরো মূল্যবৃদ্ধি গ্রহণ না করে ভোক্তাদের স্বার্থে সীমিত পরিসরে দাম বাড়ানো হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্তের ফলে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং আমদানিকারক ও রিফাইনারদের ওপর চাপ কিছুটা কমবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভোজ্যতেল খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও আমদানিকারকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।























