শেরপুর-৩ আসনে ভোট চলছে, উপস্থিতি কম
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত থাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ১২৮টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এই আসনের দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী—বিএনপির ধানের শীষ প্রতীকের মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের মাসুদুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) কাঁচি প্রতীকের মোহাম্মদ মিজানুর রহমান।
সকালে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে কয়েকটি কেন্দ্রে ভোটারদের লাইনও চোখে পড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর পাশাপাশি দুই উপজেলায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন এবং ম্যাজিস্ট্রেটরাও মাঠে রয়েছেন।
























