ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের, ‘বড় ঢেউ এখনও আসেনি’
- সংবাদ প্রকাশের সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ইরানের প্রত্যাঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র হওয়ার মধ্যেই আরও বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সতর্কবার্তাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমরা আরও ভয়ংকর হামলা চালাতে প্রস্তুত। আমাদের এই অভিযান অত্যন্ত শক্তিশালী। আমেরিকার কাছে বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনী রয়েছে এবং আমরা তা ব্যবহার করছি।” তিনি আরও দাবি করেন, “আমরা এখনও ইরানের ওপর পুরো শক্তিতে আঘাত হানা শুরু করিনি। বড় ঢেউ এখনও আসেনি, তবে খুব শিগগিরই তা আসবে।”
আরব দেশগুলির অবস্থান নিয়ে দাবি
ট্রাম্পের অভিযোগ, ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশ ক্ষুব্ধ। তিনি বলেন, বাহারিন, জর্ডন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত-এর বিভিন্ন স্থানে ইরান হামলা চালিয়েছে। তেহরানের এই পদক্ষেপে আরব দেশগুলির অবস্থানে পরিবর্তন আসছে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, “আরব দেশগুলি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও এই অভিযানে শামিল হতে চাইছে।” তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সতর্ক বিশ্লেষকদের
তবে উপসাগরীয় দেশগুলি প্রকাশ্যে ইরানের পাল্টা হামলার নিন্দা করলেও, বিশেষজ্ঞদের মতে এখনই তারা সরাসরি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপে যেতে অনিচ্ছুক। আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের প্রশ্নে তারা এখনো হিসেব কষে এগোচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান এই সংকট বৈশ্বিক রাজনীতি, তেলের বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করছে আগামী কয়েক দিনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপের ওপর।


























