মার্চেই কালবৈশাখীর আভাস
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
চলতি মার্চ মাসেই দেশে কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসের শেষ দিকে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (১ মার্চ) প্রকাশিত মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষভাগে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পুরো মার্চজুড়ে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
এ মাসে দুই থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তবে মার্চে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।






















