খামেনির মৃত্যুর পর নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা, পাল্টা হুঁশিয়ারি তেহরানের
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলি খামেনি-র মৃত্যুর পর দেশটিতে নতুন আয়াতোল্লা নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদসংস্থা Reuters-এর সূত্রে জানা গেছে, খামেনির উত্তরসূরি হিসেবে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর ঘনিষ্ঠ আলেম আরাফিকে। তিনিই এখন নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এতদিন তিনি ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর ডেপুটি চেয়ারম্যান ছিলেন এবং পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থার প্রধান হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন।
খামেনির মৃত্যুর পরও কঠোর অবস্থানে রয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এই হামলার প্রতিশোধ নেওয়া ইরানের ‘বৈধ অধিকার’ এবং ‘অবিলম্বে পালনীয় কর্তব্য’। আমেরিকা ও ইসরায়েলের হামলায় খামেনির মৃত্যুর পর এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।
প্রেসিডেন্টের ভাষায়, “যাঁরা এই ঐতিহাসিক অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আমাদের কর্তব্য। এই দায়িত্ব পালনে আমরা সর্বশক্তি প্রয়োগ করব।”
শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি ছাড়াও ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদা, সেনাপ্রধান আব্দুল রহিম মৌসাভি এবং একাধিক সামরিক কমান্ডারের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।
খামেনি-পরবর্তী পরিস্থিতিতে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখতে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ মন্ত্রী ও গভর্নরদের যুদ্ধকালীন প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।
এদিকে ইরানের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর প্রধান আলি লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি দাবি করেন, ইরান এমন হামলা চালাবে, যা প্রতিপক্ষ আগে কখনও দেখেনি।
লারিজানির বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ইরান যদি আরও জোরালো হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রও কঠিন জবাব দেবে।
খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব ও মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


























