জামায়াতের নিবন্ধন বাতিলের দাবি, প্রধানমন্ত্রীর কাছে চিঠি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামের একটি সংগঠন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সংগঠনের সদস্য সচিব ও নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি। তিনি জানান, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো চিঠির অংশ পড়ে শোনান রোবাইয়াত ফাতিমা তনি। চিঠিতে উল্লেখ করা হয়, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা বিভিন্ন সময় নারীদের রাষ্ট্র পরিচালনার উচ্চ পদে দায়িত্ব পালনের বিষয়ে আপত্তির কথা বলেছেন। সংগঠনটির দাবি, এ ধরনের অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এ বর্ণিত সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তনি বলেন, নির্বাচন সংক্রান্ত আইন (আরপিও) অনুযায়ী কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গসমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তাদের নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনার সুযোগ রয়েছে। রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণের অধিকার সীমিত করার যে কোনো ধারণা অসাংবিধানিক বলেও উল্লেখ করেন তিনি।
চিঠিতে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়টি আইনগতভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সংশ্লিষ্ট বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
























