বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার : সালাউদ্দিন টুকু
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিংও জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নিম্নআয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণের লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ ২৫টি স্থানে ন্যায্যমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম জেলা পর্যায়েও সম্প্রসারণ করা হবে।
রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিয়ে তিনি বলেন, রমজানে সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কোথাও কোনো ঘাটতির আশঙ্কা নেই। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা হবে। অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। প্রতিমন্ত্রী জানান, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে এবং নিরাপদ টাঙ্গাইল গড়তে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















