সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি, আমন্ত্রণ নিয়ে সাংবাদিকদের ক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়, যা চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত।
তবে মহৎ এই উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, জেলা প্রাণিসম্পদ দপ্তর শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রেসক্লাবকে আমন্ত্রণ জানালেও জেলার অন্যান্য সক্রিয় সাংবাদিক সংগঠনগুলোকে পুরোপুরি উপেক্ষা করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান জানান, কাউকে বাদ দেওয়াটা উদ্দেশ্যমূলক ছিল না।
সমন্বয়হীনতা এবং দাপ্তরিক ব্যস্ততার কারণে সবার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিষয়টি সমাধানের আশ্বাস দেন। এদিকে, এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে ‘ইউনাইটেড প্রেসক্লাব নওগাঁ’। সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ বলেন, সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো শিষ্টাচারের অংশ। একটি পক্ষকে গুরুত্ব দিয়ে অন্যদের অবহেলা করা অত্যন্ত দুঃখজনক। স্থানীয় সাংবাদিকরা দাবি জানিয়েছেন, ভবিষ্যতে সরকারি সকল কর্মকাণ্ডে যেন সকল সাংবাদিক সংগঠনের সাথে সমান সমন্বয় বজায় রাখা হয়।


























