রমজানে ব্যাংক লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের লেনদেন ও অফিস সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে অর্থাৎ আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকে গ্রাহক লেনদেন করা যাবে।
তবে লেনদেন শেষে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ বিষয়ে সব ব্যাংকে নির্দেশনা পাঠিয়েছে।
সাধারণ সময়ে ব্যাংক সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত খোলা থাকে এবং গ্রাহক লেনদেন চলে বিকেল ৪টা পর্যন্ত। রমজান শেষে আবার আগের সময়সূচিই কার্যকর হবে।
এদিকে রমজান মাসে পুঁজিবাজারের লেনদেন সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চলবে। এ সময়ের মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে এই বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে।
রমজান মাসে কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম ও আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তি সম্পন্ন করতে হবে।
প্রতি বছর রমজান মাসে গ্রাহকসেবার সুবিধা ও কর্মপরিবেশ বিবেচনায় ব্যাংক ও আর্থিক খাতের সময়সূচিতে এ ধরনের পরিবর্তন আনা হয়ে থাকে।





















