প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করে।
ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদের (১) উপধারা অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করতে হয়।
আইনে আরও বলা হয়েছে, এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বৈধ প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে স্বীকৃত হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন স্থগিতের ঘোষণা দেবেন। পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।
তবে আইনে কিছু ব্যতিক্রমের কথাও উল্লেখ রয়েছে। যদি কোনো প্রার্থী বৈধতা চূড়ান্ত হওয়ার আগেই মৃত্যুবরণ করেন অথবা একই দলের বিকল্প কোনো বৈধ প্রার্থী থাকেন, সে ক্ষেত্রে নির্বাচন স্থগিত করার প্রয়োজন হয় না।
উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।























