ইরানের বিরুদ্ধে ইইউর নতুন নিষেধাজ্ঞা
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং রাশিয়াকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করতে একটি ‘রাজনৈতিক চুক্তি’ করার ব্যাপারেও ঐকমত্যে পৌঁছানোর আশা প্রকাশ করা হয়েছে।
এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে আইআরজিসি ইইউর সন্ত্রাসী তালিকায় ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার মতো সংগঠনের কাতারে স্থান পাবে। বিষয়টিকে ইরানের প্রতি ইউরোপীয় ইউনিয়নের অবস্থান আরও কঠোর হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে তুরস্কের পাঁচটি প্রদেশে অভিযান চালিয়ে ইরানের পক্ষে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইরানি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি।
প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর, সন্ত্রাসবিরোধী পুলিশ এবং তুরস্কের গোয়েন্দা সংস্থার যৌথ তদন্তের পর সন্দেহভাজনদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তুরস্কসহ বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি ও অন্যান্য সংবেদনশীল স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন।





















