শমসের ফকির ডিগ্রি কলেজ
কলেজের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ, তদন্তের নির্দেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৪৩২ বার পড়া হয়েছে
ভুঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের শমসের ফকির ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আখতারুজ্জামান জানিয়েছেন, কলেজের সুনাম ও সম্মানহানি ঘটানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ বলেন, “সম্প্রতি কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে কলেজের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করছে। এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই। আমাদের কলেজ ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মানদণ্ড বজায় রেখে কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।”
তিনি আরও বলেন, মোনায়েম সরকার ও লাল মামুদ সরকার নামে দুই শিক্ষকের বিরুদ্ধে কিছু পত্রিকায় প্রকাশিত তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। এসব মিথ্যা সংবাদ শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কলেজ কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রমাণ সংগ্রহ করছে এবং তদন্তের পর প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যক্ষ সতর্ক করেছেন, “কোনো অভিযোগ থাকলে তা সরাসরি কলেজ প্রশাসনের কাছে উত্থাপন করতে হবে। গুজব ও অপপ্রচারের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা কাম্য নয়।”
এ বিষয়ে শিক্ষক মোনায়েম সরকার জানিয়েছেন, কলেজের একাধিক অভিযোগ ও সংবাদ প্রচারে শিক্ষকেরা ভুল তথ্য দিয়ে থাকেন। তার দাবি, প্রকৃত সত্য যাচাই করলে মিথ্যা প্রমাণের চেষ্টা উন্মোচিত হবে। অভিযুক্ত শিক্ষক লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
























