উপদেষ্টা ফারুক ই আজম
গণভোট রাষ্ট্রের চরিত্র বদলাবে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, গণভোটের প্রেক্ষিতে হতে যাওয়া পরবর্তী জাতীয় নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে, তারা আর স্বৈরাচারী শাসন চালাতে পারবে না। গণভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কী ধরণের চরিত্রে পরিচালিত হবে।
তিনি বলেন, “গণভোটে কেউ লাভবান বা ক্ষতিগ্রস্থ হবে না। এটি রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোয় আমূল পরিবর্তন আনবে। ফলে নির্বাচিত সরকারও ইচ্ছেমতো কিছু করতে পারবে না।”
সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফারুক ই আজম গণভোট ও ‘জুলাই সনদ’ সম্পর্কে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “বর্তমান সরকার কারো পক্ষে নয়, আমরা দেশের কল্যাণের জন্য কাজ করছি। দেশটা সবার, সবাই ভালো চাইলে দেশ অবশ্যই ভালো হবে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার মো. রায়হান, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।





















