শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের অনুদানের আবেদন শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক অনুদানের আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা ১ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
কাদের জন্য অনুদান
শিক্ষাপ্রতিষ্ঠান: সরকারি/বেসরকারি, এমপিওভুক্ত বা নন-এমপিওভুক্ত স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও ইবতেদায়ী মাদ্রাসা। মেরামত, আসবাব, খেলাধুলার সরঞ্জাম, পাঠাগার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদন করা যাবে।
শিক্ষক ও কর্মচারী: এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জটিল রোগ বা দুর্ঘটনার কারণে আর্থিক সহায়তার আবেদন করতে পারবেন।
শিক্ষার্থী: সরকারি/বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরা জটিল রোগ, দুর্ঘটনা বা শিক্ষার খরচ নির্বাহের জন্য অনুদানের আবেদন করতে পারবেন। বিশেষ অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধী, দরিদ্র ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীরা।
আবেদনের শর্তাবলী
অনুদানের জন্য প্রতিষ্ঠান প্রধান/কমিটির সভাপতির প্রত্যয়ন আবশ্যক।
শিক্ষক-কর্মচারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থীদের ক্ষেত্রে জন্মসনদ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করতে হবে।
শিক্ষক-কর্মচারীর অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে, শিক্ষার্থীদের ক্ষেত্রে পিতামাতা/অভিভাবকের মোবাইল নম্বরে পাঠানো হবে।
২০২৪-২৫ অর্থবছরে যারা অনুদান পেয়েছেন, তারা চলতি অর্থবছরে পুনরায় আবেদন করতে পারবেন না।
আবেদন প্রক্রিয়া
www.shed.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
‘শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন ফরম’ বাটনে ক্লিক করুন।
প্রয়োজনীয় তথ্য ও প্রমাণপত্র সংযুক্ত করে অনলাইনে আবেদন দাখিল করুন।





















