পদত্যাগ না করলে ক্রিকেট বন্ধের হুমকি কোয়াবের
- সংবাদ প্রকাশের সময় : ১১:১৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরের মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সময়সীমার মধ্যে পদত্যাগ না করলে দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ রাখার হুমকি দিয়েছে ক্রিকেটারদের এই সংগঠন।
বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কোয়াব সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
মোহাম্মদ মিঠুন বলেন,“বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সম্মিলিতভাবে খেলায় না নামার সিদ্ধান্ত নিয়েছেন।”
তিনি আরও জানান, ক্রিকটারের প্রতি পরিচালকের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। বিষয়টি ক্রিকেটারদের সম্মান ও পেশাদারিত্বের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন তিনি।
এ ঘটনার আগে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্য “অনুপযুক্ত, আপত্তিকর বা আঘাতজনক” হিসেবে বিবেচিত হতে পারে। তবে বোর্ড পরিষ্কার জানিয়েছে, “অনুমোদিত মিডিয়া চ্যানেল ছাড়া পরিচালকদের ব্যক্তিগত মন্তব্য বিসিবির নীতি বা অবস্থানের প্রতিফলন নয়।”
বিসিবি আরও জানায়, ক্রিকেটারদের সম্মানহানি বা দেশের ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার ঘটনায় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেবেন তারা। একই সঙ্গে ক্রিকেটারদের প্রতি পূর্ণ সম্মান ও সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে বোর্ড।
সাম্প্রতিক সময়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কিছু মন্তব্য ক্রিকেট মহলে সমালোচনা তৈরি করে। জাতীয় দলের কয়েক ক্রিকেটারের নাম উল্লেখ না করে তিনি তাদের আচরণ ও পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন, যা নিয়ে ক্রিকেটার ও কোচিং স্টাফদের মাঝে ক্ষোভ দেখা দেয়।
কোয়াবের এই অবস্থানের ফলে বিপিএলসহ দেশীয় ক্রিকেট সূচি চাপে পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।
























