আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন ৫৩ জন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের পঞ্চম দিনের শুনানি শেষে ১০০টির মধ্যে ৫৩টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। এ দিন ১৮টি আবেদন নামঞ্জুর এবং ৮টি স্থগিত রাখা হয়েছে।
শুনানি বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইসি সূত্র জানিয়েছে, নানা কারণে ১৮ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে।
শুনানির ধারাবাহিকতা অনুযায়ী, বুধবার ২৫০ থেকে ৩৫০ নম্বর আপিল, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিন রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট আপিলের শুনানি হবে।
শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। এছাড়া নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের কপি সংগ্রহ করা যাবে। ১০ থেকে ১২ জানুয়ারির রায় বিতরণ করা হবে ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি, এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় বিতরণ হবে ১৮ জানুয়ারি।
এদিকে প্রার্থিতা ফিরে পেতে মোট ৬৪৫টি আপিল আবেদন নির্বাচন কমিশনে জমা পড়েছে। এর মধ্যে ৯ জানুয়ারি একদিনে ১৭৬টি আপিল জমা পড়ে। আপিল গ্রহণের সময়কাল ছিল ৫ থেকে ৯ জানুয়ারি।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।





















