সিংহাসনে বসতে চলেছেন রাজকন্যা লেওনর
দেড়শো বছর পর স্পেনে ফিরছে রানি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
প্রায় দেড়শো বছর পর আবার নারী শাসক পেতে চলেছে স্পেন। রাজা ষষ্ঠ ফিলিপ ও রানি লেতিজিয়ার জ্যেষ্ঠ কন্যা রাজকন্যা লেওনর হতে চলেছেন দেশের পরবর্তী সম্রাজ্ঞী। মাত্র ২০ বছর বয়সেই তিনি বসতে যাচ্ছেন স্পেনের রাজসিংহাসনে।
স্পেনের ইতিহাস অনুযায়ী, শেষবার এককভাবে কোনো নারী শাসক ছিলেন রানি দ্বিতীয় ইসাবেলা, যিনি প্রায় ১৭০ বছর আগে রাজত্ব করেন। লেওনর সিংহাসনে বসলেই তিনি হবেন দেশের ইতিহাসে দ্বিতীয় নারী সম্রাজ্ঞী।
২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্ম লেওনরের। তিনি ইউরোপের অন্যতম প্রভাবশালী বুরবোঁ রাজপরিবারে জন্ম নেওয়া সদস্য। শিক্ষা নিয়েছেন যুক্তরাজ্যের বিখ্যাত ইউডব্লুসি আটলান্টিক প্রতিষ্ঠান থেকে।
লেওনর ভাষাজ্ঞানেও বিশেষ দক্ষ। স্প্যানিশ ও ইংরেজি ছাড়াও তিনি চীনা, আরবিসহ আরও কয়েকটি ভাষায় সাবলীল বলে জানা গেছে।
স্পেনের আইনে ভবিষ্যৎ উত্তরাধিকারীকে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। সেই প্রথা অনুসরণ করে লেওনরও স্নাতক শেষে যোগ দেন তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ কার্যক্রমে। তাঁকে স্থল, নৌ ও বায়ুসেনা—তিন শাখাতেই প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর তিনি সফলভাবে পিলেটাস পিসি-২১ এয়ারক্রাফটে প্রথম একক উড়ান সম্পন্ন করেন—এবং তিনি স্পেনের প্রথম রাজপরিবারের মহিলা, যিনি এটি করতে পেরেছেন।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, সামরিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে গোল্ড মেডেল অফ দ্য রিজিওন অফ মারসিয়া উপাধিতে সম্মানিত করা হবে।
ব্যক্তিগত আগ্রহের ক্ষেত্রেও লেওনর খুব জনপ্রিয়। ফুটবল তাঁর অন্যতম প্রিয় খেলা। শোনা যায়, বার্সেলোনার তারকা ফুটবলার গাভির প্রতি তাঁর বিশেষ টান ছিল। এমনকি প্রেমপ্রস্তাব পাঠানোর গুঞ্জনও ছড়িয়েছিল, যদিও গাভি তা নাকচ করেছেন বলে দাবি করে স্প্যানিশ সংবাদমাধ্যম।
এখন চোখ স্পেনের জনগণের দিকে—কেমনভাবে রাজসিংহাসনে বসবেন লেওনর, ও ভবিষ্যৎ স্প্যানিশ সশস্ত্র বাহিনীর কম্যান্ডার-ইন-চিফ হিসেবে তাঁর ভূমিকা কী হবে, তা দেখার অপেক্ষা।
























