শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় ওয়েবসাইটে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার রায় প্রকাশিত হয়।
গত বছরের ১৭ নভেম্বর বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন এবং আসাদুজ্জামান খান কামালকেও একই রায় দেন।
এর আগে ১ জুন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের মধ্যে রয়েছে:
গণভবনে ১৪ জুলাই শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রদান,
হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ,
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
রাজধানীর চানখাঁরপুল এলাকায় ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা,
আশুলিয়ায় ছয়জনকে পোড়ানোর ঘটনা।
সাজাপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক থাকলেও সাবেক আইজিপি মামুন এই মামলার একমাত্র গ্রেফতারকৃত আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন (১০ জুলাই) তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদনও করেন।





















