নিকাব ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ শিবিরের
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নিকাব ইস্যুতে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার (১২ জানুয়ারি) সংগঠনটির এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় তারা।
বিবৃতিতে ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম বলেন, নিকাব ইস্যুতে বিএনপির এক নেতার ধৃষ্টতাপূর্ণ, অজ্ঞতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী মন্তব্যের তীব্র নিন্দা জানাই। মুসলিম নারীর নেকাব শুধু একটি পোশাক নয়—এটি ঈমানি পরিচয়ের অংশ, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার একটি রূপ।
পবিত্র কুরআনের একটি আয়াতের বাংলা অর্থ তুলে ধরা হয় বিবৃতিতে। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট ভাষায় পর্দা ও শালীনতার নির্দেশ দিয়েছেন—‘বলো (হে নবী), ঈমানদার নারীরা যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয়।’ (সুরা আহজাব, ৩৩:৫৯)।
বিবৃতিতে শিবির সভাপতি বলেন, ‘বিএনপি নেতার জঘন্য ভাষ্য শুধু ইসলামী শরিয়তের বিরুদ্ধে নয়, বরং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা।
বাংলাদেশ সংবিধানের ৪১(১)(ক) ধারা ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR Article 18-ও Religious Expression-এর স্বাধীনতা চূড়ান্তভাবে স্বীকৃতি দেয়।’
ইসলামের বিধানকে নিয়ে বিদ্রুপ করা রাজনৈতিক কুশলতা নয়—এটি স্পষ্টভাবে ধর্মকে উপহাস করা। বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি করা বন্ধ করতে হবে বলেও মন্তব্য করেন শিবির সভাপতি।





















