হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীকালে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও দাবি র্যাবের।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি–মিডিয়া মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুপুর ২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, র্যাব একজনকে থানায় হস্তান্তর করেছে এবং জানিয়েছে তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক।
ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় রিকশায় যাচ্ছিলেন ওসমান হাদি। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়।
মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তার অবস্থা আশঙ্কাজন বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে, ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে পুলিশ। বলা হচ্ছে, ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এরই মধ্যে ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িতকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।






















