হাদি হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৬ টার দিকে বিষয়টি পল্টন থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ২৪ ঘণ্টা পার হলেও পুলিশ পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।
পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পল্টন থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে ডিসি, এডিসি ও ওসি পর্যায়ে আলোচনা ও বৈঠক চলছে।
এর আগে, শুক্রবার দুপুরে রিকশাযোগে বিজয়নগর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে অনুসরণ করে। একপর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও একটি অপারেশন শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
























