পাবনায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষার্থী নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোছা জোবায়রা খাতুন (৮) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় তার বাবা মো. জিন্নাহ আলীও গুরুতর আহত হয়েছেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত জোবায়রা খাতুন মুলাডুলি বেতবাড়িয়া গ্রামের মো. জিন্নাহ আলীর কন্যা এবং বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরাণী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় তিনি মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করলে মা-বাবা ও মেয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। এতে জোবায়রা ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত মো. জিন্নাহকে প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এজাজ আহমেদ জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।




















