গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ভেতর পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করে
ফায়ার সার্ভিস বলছে, রাত ৯টার দিকে সাজিদকে গর্ত থেকে বের করা হয়। উদ্ধারের পর শিশুটিকে অচেতন অবস্থায় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
গত বুধবার রাজশাহীর তানোরে শিশু সাজিদ তার মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে পরিত্যক্ত গভীর নলকূপের মধ্যে পড়ে যায়। এরপর থেকেই ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা শুরু করে।
স্থানীয়রা জানান, তানোরের কোয়েল হাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়।
শিশুটিকে উদ্ধারে বুধবার (১০ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আটটি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে খননকাজ শুরু করা হয়। ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয়।




















