চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীদের দীর্ঘদিনের দাবি—১০ম গ্রেড বাস্তবায়ন—অবিলম্বে কার্যকর করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্যখাতের বিভিন্ন শাখায় কর্মরত পেশাজীবীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট একযোগে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় উপস্থিত ছিলেন-বিডিপিএ নেতা ও মূখ্য সমন্বয়ক ফারুক হোসেন, এমটিএফ মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি আল মামুন, এমটিএফ ফোরামের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, এমটিএফ ফোরামের অর্থ সম্পাদক আব্দুস সামাদ, এমটিএফ ফোরামের সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক আব্দুল ওয়াহাব, বিএমটিএ সভাপতি ও সমন্বয়ক রেজাউল করিম সহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে ১০ম গ্রেড বাস্তবায়ন এবং ক্যাডার কাঠামো সংস্কারের দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মসূচি আরও কঠোর করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
কর্মবিরতির কারণে সকালে কয়েকটি বিভাগে স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও জরুরি ও ইনডোর সেবা চালু রাখা হয় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।




















