বাংলাদেশে সময়মতো নিবাচন চায় ইইউ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
ইইউ বাংলাদেশে সময়মতো, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনকে সমর্থন করে৷ এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক পথ সম্পর্কে ধারণা নতুন করে প্রতিষ্ঠার বড় সুযোগ হিসেবে দেখে তারা৷ এমন মন্তব্য করেছেন, ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র রাষ্ট্রদূত মাইকেল মিলার ।
তিনি জানান, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইইউ৷। মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাইকেল মিলার৷
মক ভোটিং পরিদর্শন করার বিষয়টি উল্লেখ করে মাইকেল মিলার বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের অগ্রিম প্রস্তুতি দেখে তিনি মুগ্ধ৷ নির্বাচন কমিশনের পেশাদারত্ব এবং সক্ষমতার প্রতি ইইউর আস্থা আছে৷ বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে৷ এটি বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়ার প্রতি তাদের আস্থার প্রতিফলন।
মাইকেল মিলার বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তিনি খুবই আশাবাদী৷ নির্বাচনের চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, এবার অনেক ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন৷ আগে হয়তো অনেকে ভোট দেননি, কারণ, হয়তো তারা জানতেন যে নির্বাচন সুষ্ঠু হবে না বা সহিংসতার আশঙ্কা করেছিল৷ প্রায় পুরো একটি প্রজন্ম কখনো ভোট দেয়নি৷
এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন,এ দেশের সব অংশীজনকে বহু বছরের মধ্যে প্রথমবারের মতো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটিকে গুরুত্বের সঙ্গে নিতে হবে৷






















