পদত্যাগ করছেন উপদেষ্টা আসিফ, ভোটে লড়বে ঢাকায়
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে স্বতন্ত্র পদে লড়বেন। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা থেকে নির্বাচন করব, এটা নিশ্চিত। আপাতত স্বতন্ত্রভাবে নির্বাচন করার পরিকল্পনা।’
যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকেই নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা।
তিনি বলেন, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদিও ভোটার হয়েছি আগে, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪ সালে। আপনারা সবাই জানেন, এই সময়ে কেউ ভোট দিতে পারেনি।
তিনি আরও বলেন, ‘সরকার থেকে পদত্যাগের পর নির্বাচন করব।’ তবে কবে নাগাদ পদত্যাগ করবেন, সেটা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলেও জানান তিনি।
ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হতে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর গ্রিন রোডে ধানমণ্ডি থানা নির্বাচন অফিসে আসেন।
তিনি ধানমণ্ডি থানা নির্বাচন অফিসার ওয়াজাহাত নূরের কাছে ভোটার স্থানান্তরের আবেদন করবেন। ঢাকা-১০ নির্বাচনী আসনটি ধানমণ্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
এখন পর্যন্ত বিএনপি এই আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। তবে জামায়াত এই আসনে সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম উদ্দিন সরকারকে প্রার্থী ঘোষণা করেছে।
ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কোথা থেকে করব, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তার পরও দেখা যাক কী হয়। আমার কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন রাজনৈতিক দল কোন আসন ফাঁকা রাখল কি রাখল না, সেটি আমার দেখার বিষয় নয়। আমি আমার সিদ্ধান্ত এককভাবেই নেব।’
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আন্দোলনের সময় ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। অভ্যুত্থানের সর্বশেষ কর্মসূচি ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টে আনার বিষয়টি তিনিই ফেসবুকে পোস্ট করেছিলেন৷।
সব মিলিয়ে জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা হিসেবে ব্যাপক আলোচিত হন আসিফ মাহমুদ। অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে স্থান পান কুমিল্লার ছেলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
আসিফ মাহমুদ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন। ছাত্রজীবনের শুরু থেকেই ছাত্র অধিকার পরিষদের রাজনীতিতে যুক্ত হন আসিফ মাহমুদ। ক্যাম্পাসে নির্যাতনবিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।
পরে ২০২৩ সালে ছাত্র অধিকার পরিষদের একটি অংশের উদ্যোগে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে যে নতুন ছাত্রসংগঠন গঠিত হয়, আসিফ মাহমুদ ছিলেন এর অন্যতম উদ্যোক্তা। তিনি ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন। জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের অধিকাংশই ছিলেন এই ছাত্রশক্তির নেতা।
অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। সরকারি দায়িত্ব সামলানোর পাশাপাশি বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পলিসি অ্যান্ড গভর্ন্যান্স বিষয়ে স্নাতকোত্তর করছেন তিনি।
























