শীতে মেথি শাক দিয়ে বানান ৪ রকমের মজাদার রেসিপি!
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে
শীতের আমেজে মেথি শাক দিয়ে তৈরি করতে পারেন এই আট রকমের রেসিপি। এমনিতে শীত মানেই বাজারে নানা সবজির বাহার। তার মধ্যেও মেথি শাকের গন্ধ এক আলাদা আমেজ আনে। হালকা তিতকুটে এই শাক শুধু স্বাদের জন্য নয়, এর ভেতরে আছে আয়রন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। যা শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আজ জেনে নিন, মেথি শাক দিয়ে তৈরি করতে পারেন কোন ৮ রকমের চমৎকার রেসিপি?
১. মেথি শাক ভাজা
সবচেয়ে সহজ ও জনপ্রিয় রেসিপি। আলু, বেগুন ও বড়ি দিয়ে তৈরি এই শাক ভাজা ভাতের সঙ্গে জমে যায়। সামান্য নুন, হলুদ ও সর্ষের তেলের ফোড়নেই তৈরি হয়ে যায় গরম গরম মেথি শাক ভাজা। এটা তৈরি করতে লাগবে ৩০০ গ্রাম মেথি শাক, ১ টা বেগুন ও আলু, ৩-৪ টে কাঁচা লঙ্কা, ১ টা শুকনো লঙ্কা, ১ চা চামচ মেথি, ৮-১০ টা বড়ি, স্বাদ মত নুন এবং চিনি, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। এই পদ তৈরি করতে হলে প্রথমে শাক ধুয়ে মিহি করে কেটে নিতে হবে। বেগুন-আলু টুকরো করে কেটে নিতে হবে। বড়ি ভেজে তুলে রাখতে হবে। ওই তেলে মেথি ফোড়ন দিয়ে পুড়িয়ে মেথি তুলে ফেলে দিতে হবে। এবার শুঁকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন, আলু, নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভাজা হলে মেথি শাক দিয়ে মেশাতে হবে। একটু ভাজা ভাজা করে, চেরা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। শাক সিদ্ধ হয়ে গেলে ভাজা বড়ি (কিছুটা ভেঙে, কিছুটা আস্ত) ও চিনি দিয়ে মাখো মাখো অবস্থায় কড়াই থেকে নামাতে হবে।
২. মেথি পরোটা
মেথি পাতা, আটা, ময়দা ও বিভিন্ন মশলা মিশিয়ে তৈরি এই পরোটা শীতের সকালের আদর্শ খাবার। উনুনে সেঁকে ঘি বা তেল মাখিয়ে পরিবেশন করুন টক দই বা আচার দিয়ে। এজন্য লাগবে ২ কাপ ময়দা, ২ কাপ আটা, ৩ কাপ মেথি পাতা, ১ চা চামচ নুন, ১/৪ কাপ তেল, ২ চা চামচ ধনে গুঁড়ো, ২ চা চামচ জিরা গুঁড়ো, ২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ২ চা চামচ জোয়ান, ২ চা চামচ গোলমরিচ গুঁড়া, ১/২কাপ জল। আগে আটা ও ময়দার সঙ্গে তেল এবং নুন নিতে হবে। সব রকম মশলা ও মেথি পাতা ভালো করে মেশাতে হবে। জল দিয়ে ভালো করে মেশাতে হবে। একটা জলশূন্য করে শুকিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে, যাতে নরম হয়। এবার ওই মাখানো অংশ থেকে ছোট লেচি কেটে কড়াইয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আটা লাগিয়ে লেচি বেলতে শুরু করতে হবে। উনুনে সেঁকে নিয়ে তেল লাগিয়ে ভাজতে হবে আর মেথি পাতা মেশানো লেচি বেলে পরোটা বানাতে হবে।
৩. মেথি পনির
মেথি শাক, ধনেপাতা, আদা-রসুন বাটা ও পনিরের মিশেলে তৈরি এই পদটি পুষ্টিকর এবং স্বাদে ভরপুর। মাখন এবং দারচিনির গন্ধে পুরো রান্নাঘর মুগ্ধ করে দেবে। এটা বানাতে লাগবে ২০০ গ্রাম কিউব করা পনির, ১ বাটি মেথি শাক, ১ কাপ ধনেপাতা, ১/২ ইঞ্চি আদা, ২টো কাঁচা লঙ্কা, ৪-৫ কোয়া রসুন, ২ চা চামচ জিরা গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ২ কিউব বাটার/মাখন, ২ চা চামচ সাদা তেল, ১ চা চামচ দারচিনি গুঁড়ো, স্বাদমতো নুন-চিনি, দরকার হলে অল্প জল। এই পদ বানাতে প্রথমে মেথি শাক গরম জলে অল্প ভাপিয়ে জল ঝরিয়ে নিন। এবার একটি মিক্সি পটে মেথি শাক, ধনেপাতা আদা-রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিন। এবার একটি কড়াই গরম করে তাতে সাদা তেল এক কিউব মাখন দিয়ে গরম করে নিয়ে মশলা বানিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদমতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়োর সঙ্গে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন। অল্প জল দিয়ে কষানোর পর তেল ছেড়ে এলে কিউব করে কেটে রাখা পনির দিয়ে দিন। আবার, ভালো করে মিশিয়ে নিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ৫ মিনিট পর কড়াইয়ে দারচিনি গুঁড়ো এবং বাকি মাখন দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন। কিছুক্ষণের জন্য কড়াই ঢাকা অবস্থায় রেখে দিন। এরপর যে কোনও ধরনের রুটির সঙ্গে খেয়ে নিতে পারেন।
৪. মেথি আলু
সহজ, নিরামিষ এবং স্বাস্থ্যকর—আলু ও মেথির এই জুটি ঘরোয়া লাঞ্চের জন্য পারফেক্ট। সামান্য জিরা, রসুন ও গরম মশলা দিলেই স্বাদ বেড়ে যায় বহুগুণ। এজন্য লাগবে ১ আঁটি মেথি শাক, ১-২ টি মাঝারি আকারের আলু, ১ চা চামচ জিরা, ২-৩ কোয়া রসুন কুচি, ১-২ টি কাঁচা লঙ্কা কুচি বা গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদমতো নুন, পরিমাণমতো তেল, অন্যান্য মশলা (ইচ্ছেমতো): যেমন ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা। কীভাবে বানাবেন? আলু খোসা ছাড়িয়ে মাঝারি টুকরা করে কেটে ধুয়ে রাখুন। মেথি শাক ভালো করে বেছে ধুয়ে নিন। একটি কড়াইতে তেল গরম করে জিরা ও রসুন কুচি দিয়ে হালকা ভাজুন। এরপর আলু, কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলা দিয়ে কিছুক্ষণ ভাজুন। পরিমাণমত নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে ঢেকে আলু সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। আলু সেদ্ধ হয়ে গেলে তাতে মেথি শাক দিয়ে দিন এবং ভালো করে মিশিয়ে নিন। মেথি শাক নরম হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে কড়াই থেকে নামিয়ে নিন।
মেথি শাকের প্রতিটি রেসিপি শুধু রুচিকরই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। চুল পড়া কমানো থেকে হজমশক্তি বাড়ানো—সব ক্ষেত্রেই মেথি অসাধারণ ভূমিকা রাখে। তাই এই শীতে রান্নাঘরে রাখুন মেথির ছোঁয়া, আর উপভোগ করুন শীতের প্রকৃত স্বাদ।























