চলতি সপ্তাহেই তাপমাত্রা নামবে ১৫ ডিগ্রির নিচে
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
চলতি সপ্তাহেই উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শুক্রবার (৭ নভেম্বর) বিডব্লিউওটি’র ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আগামী ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে আসতে পারে।
আরও বলা হয়, ‘উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ কম্বল-লেপ রেডি করুন!’ কারণ রাতের সময় ঠান্ডা অনুভূত হতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, দেশের মধ্য ও পূর্বাঞ্চলসহ কয়েকটি এলাকায় রাতের তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা বেশিরভাগ স্থানে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, ফলে দিনে শীতের তীব্রতা তেমন একটা অনুভূত হবে না।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনেও বলা হয়েছে, ৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং এই ধারা টানা কয়েকদিন অব্যাহত থাকবে।
আরও বলা হয়, আগামী ১৭-১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবারও সাময়িকভাবে কিছুটা বাড়তে পারে। বাংলাদেশে নভেম্বর মাস থেকে সাধারণত শীত মৌসুমের সূচনা হয়। ফলে এবারের তাপমাত্রা হ্রাসকে মৌসুমি শীতের আগমনের প্রথম ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।






















