কৃষি কর্মকর্তাকে থাপ্পর মারা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
কৃষি প্রণোদনার তালিকায় নিজের পছন্দের ব্যক্তিদের নাম না থাকায় শেরপুরের নকলা উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর কক্ষে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কৃষি কর্মকর্তা মেহেদীর কক্ষে প্রবেশ করে কথা বলছিলেন রাহাত। কথা কাটাকাটির একপর্যায়ে তিনি ওই কর্মকর্তাকে থাপ্পর মারেন। এরপর পুনরায় হামলার চেষ্টা করলে বাইরে থাকা লোকজন দুজনকে আলাদা করার চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা নকলা থানায় দুটি নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর রাতে কৃষি কর্মকর্তার প্রত্যাহার দাবি করে নকলা শহরে মিছিল করেছে রাহাতের অনুসারীরা।
এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাহাত হাসান কাইয়ুমকে সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করেন।
অন্যদিকে, বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ও বিকেলে নকলা উপজেলা পরিষদ চত্বর এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পৃথকভাবে মানববন্ধন করেন।
একই দাবিতে জেলা ও উপজেলা পর্যায়ের সব কৃষি অফিসে কর্মবিরতি পালন করা হচ্ছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে তারা এখন প্রতিকূল পরিবেশের মুখোমুখি হচ্ছেন। হুমকি ও আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে তাদের। এর দ্রুত প্রতিকার দাবি করেন তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাকোয়াত হোসেন বলেন, ‘এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীদের গ্রেপ্তার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছি।’
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রশাসন এ ঘটনায় কোনো ছাড় দেবে না। কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






















