মাধবপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী চট্টগ্রাম থেকে গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত ধর্ষণ মামলার পলাতক আসামী মোঃ ফয়েজ মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) ও র্যাব-৭-এর একটি যৌথ দল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফেনী জেলার দাগনভূঁইয়া থানাধীন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ ফয়েজ মিয়া (৩০), পিতা ইছব আলী, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, ভিকটিম মাধবপুর উপজেলার ঠাকুরবাড়ি এক্তিয়ারপুর এলাকার বাসিন্দা। স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তিনি বাবার বাড়িতে বসবাস করতেন। গত ২৬ সেপ্টেম্বর রাতে পারিবারিক কলহের পর তিনি বাড়ি থেকে বের হয়ে এক্তিয়ারপুর বাজারে যান। সেখানে গ্রামের এক আত্মীয় তাকে বাড়িতে পৌঁছে দিতে চাইলেও পথিমধ্যে একই এলাকার ফয়েজ মিয়ার সঙ্গে দেখা হয়। পরে ফয়েজ মিয়া কৌশলে ভিকটিমকে মহিবুলের পুকুরপাড়ের একটি গোয়াল ঘরে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
ঘটনার পর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ধারা ৯(১) অনুযায়ী একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-৪২, তারিখ: ২৮/০৯/২০২৫)।
মামলার পর থেকেই আসামী পলাতক ছিল। তাকে গ্রেফতারে র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ফয়েজ মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।























