মসজিদের গাছের ৫০টি নারিকেল নিয়ে গেলেন শিক্ষা কর্মকর্তা!
- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ জামে মসজিদের ৫টি নারিকেল গাছ থেকে অনুমতি ছাড়াই প্রায় ৫০টিরও বেশি নারিকেল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে।
এঘটনায় মসজিদ কমিটির সদস্য ও মুসল্লিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার (৮ অক্টোবর) তারা মৌখিকভাবে অভিযোগ দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দুপুরে শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম তার লোকজন নিয়ে কাউকে কিছু না জানিয়ে মসজিদের গাছ থেকে নারিকেল কেটে নিয়ে যান। এলাকাবাসীর অনেকে ঘটনাটি প্রত্যক্ষ করেন।
মসজিদ কমিটির সদস্য জসিম উদ্দিন বলেন, মসজিদের সম্পদ চুরি করা গুরুতর গুনাহ। প্রায় ৪০ থেকে ৫০টি নারিকেল তিনি নিয়ে গেছেন, যার মূল্য অন্তত ৫-৬ হাজার টাকা। আমরা আশা করি ইউএনও স্যার বিষয়টি দেখবেন।”
মসজিদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম এবং সাধারণ সম্পাদক ও এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ রেজাউন্নবী জানান, শিক্ষা কর্মকর্তা নারিকেল নেওয়ার আগে কোনো অনুমতি নেননি।
উপজেলা প্রকৌশলী রেজাউন্নবী বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সবাইকে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
অভিযুক্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, আমরা অফিসাররা জনগণের জন্য কাজ করি। কিছু নারিকেল নিয়েছি, অভিযোগ থাকলে মূল্য পরিশোধ করব। জানতাম না এটি মসজিদের গাছ।”
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম বলেন,বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, সম্প্রতি এই শিক্ষা কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। ওই ঘটনার পর ইউএনও তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠালেও তিনি নানাভাবে প্রভাব খাটিয়ে ব্যবস্থা ঠেকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় উপজেলার মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও দুঃখের সৃষ্টি হয়েছে।





















