ডাকাতির মালামালসহ ডাকাত সর্দার গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুরে ডাকাতি মামলার প্রধান আসামি ও দুর্ধর্ষ ডাকাত সর্দার মোঃ কামাল গাজীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৪ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব।
তিনি বলেন, এ সময় লুণ্ঠিত স্বর্ণালংকার, নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও তার হেফাজত থেকে অন্য মামলার লুট হওয়া ঘড়িও উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরনে জানা যায়, ৪ সেপ্টেম্বর আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় প্রায় ২৯ লাখ টাকার স্বর্ণালংকার, নগদ অর্থ ও মালামাল লুট হয়। মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা, ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ।























