দেশের হয়ে আর খেলতে পারবে না সাকিব : ক্রীড়া উপদেষ্টা
- সংবাদ প্রকাশের সময় : ১১:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে
ফেসবুক যুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-সাকিব আল হাসান। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে সাকিবের একটি পোস্টকে কেন্দ্র করে এর শুরু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান নাম্বার সেভেন্টি ফাইভ। এরপর দু’জনের পাল্টাপাল্টি স্ট্যাটাসে উত্তপ্ত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। সেখানে সাকিবকে আক্রমণ করেন সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েমের মত জুলাই বিপ্লবের অগ্রসেনানীরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাকিবকে ইঙ্গিত দিয়ে আবারও নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেখানে তার সাথে সাকিবের রাজনীতিতে জড়ানো নিয়ে কথোপকথনের অংশ তুলে ধরেন। শুধু ভালো ক্রিকেটার বলেই খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে পুনর্বাসনের সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দেন তিনি।
আসিফ মাহমুদ একটি চ্যানেলকে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, সাকিব এখনও আওয়ামী লীগকে ধারন করে বলেই ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাই তিনি যেন আর কখনও বাংলাদেশের জার্সি গায়ে দিতে না পারে, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা দেয়ার কথাও নিশ্চিত করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন ”আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছে। আমি রাজনীতির সাথে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি। কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ট ভাবে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।
এদিকে সাকিব শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর বিষয়ে তিনি বলেন, মতপ্রকাশের অধিকার সবার আছে। একটা রাজনৈতিক দলের অংশ হিসেবে এমন স্ট্যাটাস ভুলও মনে করেন না জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সাকিব বলেন, সে (শেখ হাসিনা) তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখসে তাই না। খেলার সাথে যুক্ত ছিল এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকেই একটা সম্পর্ক হইসে। সেটা রাজনীতির আগে থেকে। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি।

























