১০ জেলায় বন্ধ এক হাজার ২৩৫ মোবাইল টাওয়ার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
বন্যা কবলিত ১০ জেলায় এক হাজার ২৩৫টি মোবাইল টাওয়ার বন্ধ রয়েছে। এসব জেলায় ১৩ হাজার ৪৯১টি মোবাইল টাওয়ার রয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন অ্যান্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
শুক্রবার (২৩ আগস্ট) বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলাগুলোর মধ্যে রয়েছে-লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও সিলেট। ফেনীসহ আরো কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে আরো সময় লাগবে।
এরমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মোবাইল অপারেটর এবং টাওয়ার অপারেটরদের পরিষেবাগুলো পুনরুদ্ধার করতে সরঞ্জাম, জেনারেটর এবং জ্বালানী বহনের জন্য জাহাজ এবং স্পিডবোটসহ সমস্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত টাওয়ারগুলো চালু করা হবে না।
বন্যা কবলিত এলাকায় কর্তৃপক্ষ চার্জিং সুবিধা দিচ্ছে । জেনারেটরের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক পুনরুদ্ধার করা হচ্ছে।
মৌলভীবাজার ও সিলেট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
























