সেচের পানি নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
ক্ষেতের মধ্য দিয়ে সেচের জন্যে ড্রেন দিতে না চাওয়ায় কোদালের হাতল দিয়ে পিটিয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ।
শনিবার (৮ মার্চ) দুপুরে যশোর সদরের ইছালি ইউনিয়নের যোগী মাঠপাড়া এলাকায় ঘটেছে।
ঘটনার সাথে অভিযোগে পুলিশ একই এলাকার নূর ইসলামের তিন ছেলে বাক প্রতিবন্ধী রাসেল (২৫), বিল্লাল ,(৪৫) ও এখলাসকে (৪০) আটক করেছে। ময়নাতদন্তের জন্যে লাশ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
নিহতের ছেলে আহাদ আলী (২২), ভাইপো মামুন (২০) জানিয়েছেন, তাদের ক্ষেতের মধ্য দিয়ে সেচ দেয়ার জন্যে একটি ড্রেন ছিল। ক্ষেতে সবজি থাকায় সেই ড্রেন বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিবেশী রাসেল, বিল্লাল ও এখলাসকে বলা হয়, তারা যেন প্লাস্টিক পাইপের মাধ্যমে তাদের জমিতে সেচের পানি নেয়। এই নিয়ে শহিদুল ইসলামের সঙ্গে তাদের কথা কাটাকাটির একপর্যায়ে রাসেল, বিল্লাল ও এখলাস তাকে মারধর শুরু করেন। তারা কোদালের বাট দিয়ে তাকে এলোপাথাড়ি পেটান। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর বাবুল কাজী বাংলা টাইমসকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন ভাইকে আটক করা হয়েছে।


























