সেই উর্মির বিরুদ্ধে মানহানির মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
ছাত্র আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন আদালতে এই মামলাটি করা হয়। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন।
বাদীর জবানবন্দি রেকর্ড শেষে এই বিষয়ে আদেশ পরে হবে বলে জানান আদালত। বাদীপক্ষের আইনজীবী মো. খাদেমুল ইসলাম এ তথ্য জানান।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাঈদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র-গণআন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার ও সরকার প্রধান নোবেলবিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুক লেখেন।
আবেদনে আরও বলা হয়, মন্তব্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে।





















