সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ
- সংবাদ প্রকাশের সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে
সারাদেশে সুপারশপে আজ মঙ্গলবার (১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে ব্যবহার করতে হবে পাট বা কাপড়ের ব্যাগ।
আজ মঙ্গলবার থেকে সরকারি এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এছাড়া সারাদেশে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর থেকে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়।
পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সংশ্লিষ্টদের সাথে একাধিকবার বৈঠক করেছেন। প্রচারণা চালিয়েছেন মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারেও।
গত রোববার পরিবেশ অধিদপ্তরে পলিথিনের বিকল্প পণ্যের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে পরিবেশবান্ধব নানা পণ্যের সমাহার। সুপারশপে পলিথিন বন্ধে ব্যবস্থা নিতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান।






















