সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
গণভোটের রায় কার্যকর করার দাবিতে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে টানা এক সপ্তাহ।
ঘোষিত সূচি অনুযায়ী, ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে গণসংযোগ ও লিফলেট বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। এরপর দেশজুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচির অংশ হিসেবে ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১২ এপ্রিল জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (মুক্তিযোদ্ধা হল) প্রাঙ্গণে জাতীয় সেমিনার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম ও আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব করছে বিএনপি। মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের স্পষ্ট রায় উপেক্ষা করা হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনের দিকে এগোতে পারে।”
এর আগে একই দিনে সকাল ১০টা থেকে আল-ফালাহ মিলনায়তনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।





















