সাবেক রেলমন্ত্রী মুজিবুলের বিছানায় টাকা আর টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০২:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
কুমিল্লা-১১ আসনের সাবেক এমপি ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল থেকে ফেসবুক, টুইটার ও টিকটকসহ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। তবে ভাইরাল ওই ছবিটি কবের তা জানা যায়নি।
ছবিতে দেখা গেছে, বিছানায় বসে আছে মুজিবুল হকের ৩ শিশু সন্তান। তাদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল পড়ে রয়েছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। আর মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক এমপি মুজিবুল হকের কোন এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরো আনন্দময় করতেই কয়েকটি টাকার বান্ডিল ছড়িয়ে দেন বিছানায়। এসময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তুলেছেন।
গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন চৌদ্দগ্রাম আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী মুজিবুল হক। তার সেলফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে টানা ৩ বারসহ চারবারের এমপি ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি ৩ সন্তানের জনক।























