সাবেক বিমানমন্ত্রী ফারুক খান ২ দিনের রিমাণ্ডে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পল্টন থানার মকবুল হত্যা মামলায় তার এই রিমাণ্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (১৪ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন ফারুক খান। শিল্পপতি, সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান আজিজ খানের ভাই তিনি।
সুমন ইসলাম (২৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় গত ২০ সেপ্টেম্বের সকালে তার মা মোছা. কাজলী লে. কর্নেল (অব.) ফারুক খানের নামে হত্যা মামলা দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ৩৮৮ জনকে আসামি করে সাভারের আশুলিয়া থানায় ওই মামলা করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন সকাল ১০টার দিকে বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মাদরাসাছাত্র সুমন ইসলাম। নিহত সুমন ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার আমিননগর শিকারপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়ী হয়ে এমপি হয়েছিলেন ফারুক খান।























