সময় টিভির মালিকানা নিয়ে আদেশ পেছালো
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের আদেশের দিন পিছিয়েছে। নতুন তারিখ আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মামলার আদেশের জন্যে এই আদেশ দেন।
শুনানিতে মিডিয়া লিমিটেডের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, সোমবার (২৬ আগস্ট) থেকে সময় টিভি সম্প্রচারে এসেছে। তাই মামলার আর কার্যকারিতা নেই।
এ সময় আহমেদ জোবায়েরের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব আদালতে বলেন, সময় টিভি আদালতের সিদ্ধান্তে বন্ধ ছিল। এটার সাথে বাক স্বাধীনতার প্রশ্ন জড়িত। তাই এ বিষয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ দরকার। তখন আপিল বিভাগ আদেশের জন্য ১ আগস্ট দিন ধার্য করেন।
গত ২৫ আগস্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদনের শুনানি শেষে আদেশের জন্য এদিন ধার্য করেন।





















