সড়কে গাছ ফেলে ডাকাতি, পুলিশের দাবি ছিনতাই
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১২১ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার মধুইল মানাষী ও নকুচা এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে।
ডাকাতের কবলে পড়া বাসের সুপারভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি সাপাহারের উদ্দেশ্যে রাত পৌনে ৯ টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এতে বাসটির পেছনে একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে বিভিন্ন জনের কাছে থাকা নগদ টাকা, ৭-৮ টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্নলংকার ও অন্যান্য মালামাল নিয়ে যায়। এছাড়া পেছনে থাকা মাইক্রোবাসটিতেও হানা দেয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান জানান, প্রায় রাত বারোটার দিকে দুর্বৃত্তরা নওগাঁ-সাপাহার সড়কে গাছ ফেলে রাস্তা অবরুদ্ধ করে। এ সময় রাজশাহী থেকে সাপাহারগামী একটি বিআরটিসি বাস আটকিয়ে যাত্রীদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।
তিনি আরও জানান, ঘটনার পরপরই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি এবং এ ঘটনায় কোনো মামলা এখন পর্যন্ত হয়নি।
স্থানীয়রা জানান, মাঝে মধ্যেেই এরকম দুর্ঘটনা ঘটে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপত্তা জোরদারের দাবি করেছেন।
এদিকে, ঘটনার পরপরই সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

























