সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে সরকারের জারি করা কারফিউতে দায়িত্ব পালন করবে।
রোববার (৪ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় রোববার (৪ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এদিকে, সারা দেশে সোমবার (৫ আগস্ট) থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৪ আগস্ট) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।





















